বিটিআরসি’র ফান্ড থেকে সচল রাখা হবে ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার
ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর ডিজেল ফ্রি করার নির্দেশনা দেয়া হয়েছে। আর এ জন্য ব্যয়িত অর্থ পরিশোধ করা হবে বিটিআরসি’র নিজস্ব ফান্ড থেকে।
শনিবার বিটিআরসি-কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের দেয়া নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।
নির্দেশানায় উপদেষ্টা বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮ টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলো সচল রাখা অত্যন্ত জরুরী। তাই মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদান করতে বিটিআরসি প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
জানাগেছে, প্রতি ঘন্টায় পোর্টেবল জেনারেটরে(পিজি) (৭৫ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটর (ডিজি) (৩০ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসেবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয় যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা এবং ৭ দিনে ৪৫ হাজার ৮৬৪ লিটার যার মূল্য ৪৯ লক্ষ ৯৯ হাজার ১৭৬ টাকা।





